ঢাবি প্রতিনিধি:
ঢাকা
বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগ এবং বিসিক ট্রেনিং
ইনস্টিটিউট (বিটিআই)-এর যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’
প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান আজ ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার
অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ
আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান মিয়া এবং বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. সহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী অনুষদ সদস্য মো. জুবায়ের ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, সফল উদ্যোক্তা হওয়ার জন্য তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি নতুন ও উদ্ভাবনী চিন্তা থাকতে হবে। সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের মাধ্যমে একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।