মাদারীপুর প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) মর্জিনা আক্তার এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব।
সোমবার দুপুরে তারা মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকায় বৃষ্টির বাড়িতে যান। সেখানে বৃষ্টির স্বজনদের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বৃষ্টির চাচা দানিয়াল আকন, হেদায়েত আকন, চাচাতো ভাই মো. ওবায়দুর আকন, খোয়াজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল ব্যাপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন ঢাকায় অবস্থান করায় জেলা প্রশাসক তার সঙ্গে মুঠোফোনে কথা বলে সমবেদনা জানান এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, যুক্তরাষ্ট্রে নৃশংসভাবে হত্যার শিকার বৃষ্টির ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। বৃষ্টি আমাদেরই সন্তান। তার এমন মৃত্যু গোটা সমাজকে ব্যথিত করেছে। পরিবারটির পাশে আছি—এই বার্তা দিতে আমরা তার গ্রামের বাড়িতে এসেছি।বৃষ্টির ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র যেন তার পরিবার ফেরত পায়, সে বিষয়টিও প্রশাসন গুরুত্ব দিয়ে দেখছে। কারণ, এসব স্মৃতিই পরিবারের কাছে শেষ অবলম্বন হয়ে থাকবে।