মাদারীপুর প্রতিনিধি:
বর্ষা
মৌসুমের আগেই মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের
পুরাতন ফেরিঘাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায়
৫০০ মিটার এলাকাজুড়ে নদীর তীর ভেঙে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়
বাসিন্দারা। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে নদীগর্ভে বিলীন হতে পারে
ভাঙন সংলগ্ন সরকারি রাস্তা, বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ
স্থাপনা—এমন আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দা মালেক মোল্লা
(৬৫) বলেন, “বর্ষার আগেই ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হলে হয়তো ভাঙনের
গতি অনেকটা কমানো সম্ভব হবে। দেরি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।”
হারুন
মুন্সি (৬০) বলেন, “প্রতিবছরই নদীভাঙনের আতঙ্কে থাকতে হয়। স্থায়ী নদী
রক্ষা বাঁধ নির্মাণ করা হলে এ এলাকার মানুষ স্থায়ীভাবে নিরাপদে বসবাস করতে
পারবে।”
সেলেম কাজী (৫৫) বলেন, “কয়েকদিন আগে সংসদ সদস্য এলাকা
পরিদর্শন করেছেন। আমরা চাই, খুব দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া
হোক। মানুষের জানমাল রক্ষায় এখনই পদক্ষেপ প্রয়োজন।”
এ বিষয়ে
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের বলেন,
“ভাঙনের বিষয়টি আমাদের জানা আছে। খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ
ফেলা হবে। পাশাপাশি সেখানে স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের জন্য একটি
প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্প অনুমোদন হলে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ
নির্মাণ করা হবে।”