ফরিদপুরের সদর উপজেলার কৃষক, নারী, শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে সার, বীজ, ডেউটিন, সেলাই মেশিন, বাইসাইকেল সহ বিভিন্ন সামগ্রী বিতরন করেছেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সোমবার(৬জুলাই) দুপুরে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা পরিষদের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (ADP) আওতায় এই সাহায্য ও সহযোগিতা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্টানে মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ,সাধারন সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-পিআইও প্রণব পান্ডেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
পরে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ অতিথিদের নিয়ে অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল, সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ফরিদপুরের মেহনতি কৃষকদের পাশে দাঁড়ানো এবং কৃষি উৎপাদনকে আরও বেগবান করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের এই সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে প্রান্তিক কৃষকেরা উপকৃত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। এছাড়া শিক্ষার্থী ও অসহায় মানুষরা এসব সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে।