info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

অল্প সময়ের মধ্যে আমরা চারটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি-হুইপ নুরুদ্দিন অপু

অল্প সময়ের মধ্যে আমরা চারটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি-হুইপ নুরুদ্দিন অপু
অল্প সময়ের মধ্যে আমরা চারটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি-হুইপ নুরুদ্দিন অপু

মাদারীপুর প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেছেন, ইতিমধ্যে আমরা জনগণকে দেওয়া চারটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। এত অল্প সময়ের মধ্যে চারটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায় সেটা দেশের মানুষ চিন্তাও করেনি। আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি, কৃষি কার্ড দিয়েছি, ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দিয়েছি, এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছি। 
 সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বালুর মাঠ এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 হুইপ আরো বলেন, গত ১৭ বছরের যে জঞ্জাল সৃষ্টি হয়েছে তা একদিনে শেষ করা সম্ভব নয়। ইনশাআল্লাহ আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো। দারিদ্র্য, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন।
দেশব্যাপী নদী-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় লক্ষীগঞ্জ খেয়াঘাট থেকে চরমুগরিয়া পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, পুলিশ সুপার এহতেশামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করা হবে।”