আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদেমুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৪ মে) সন্ধ্যার পর বনচৌকি সীমান্তের ৯০৬ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল ইসলাম উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকার আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর উপজেলার বনচৌকি সীমান্ত এলাকায় মাছ ধরতে যান খাদেমুলসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই খাদেমুল নিহত হন। পরে তার সঙ্গীরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী ইমাম জানান, "প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এছাড়া সীমান্তে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।"