ঢাবি প্রতিনিধি:
১৫তম বাংলাদেশ
কেমিস্ট্রি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৪ এপ্রিল ২০২৬ শনিবার
কার্জন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ এবং
বাংলাদেশ রসায়ন সমিতি যৌথভাবে এই অলিম্পিয়াড আয়োজন করে।
অলিম্পিয়াড
আয়োজক কমিটির আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারপার্সন
অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজ্ঞান
অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলিফ
রুদাবা, বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম ও
সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে মো. লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন। আয়োজক কমিটির সহ-আহ্বায়ক অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ
ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেমিস্ট্রি অলিম্পিয়াড আয়োজনের জন্য সংশ্লিষ্টদের
ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা রসায়নের প্রতি আগ্রহী হয়ে
উঠবে। তিনি শিক্ষার্থীদের কাছে রসায়নকে সহজ ও বোধগম্য করে উপস্থাপনের উপর
গুরুত্বারোপ করেন। রসায়ন শিক্ষা ও গবেষণার মাধ্যমে মানবকল্যাণে ভূমিকা
রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।