info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে বাজি ফোটানোকে কেন্দ্র করে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে গ্রামের কয়েকজন শিশু বাজি ফোটাচ্ছিল। এ সময় বাজির ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রীর কাপড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ বনানী শিকদার (৩৫) এর সাথে প্রতিবেশীদের কথা কাটাকাটি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে প্রতিবেশী মন্টু শিকদার (৬০) উত্তেজিত হয়ে হালচাষের লাঠি দিয়ে বনানীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মাদারীপুর সদর হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন— তোলক শিকদার (৪৪), মনির শিকদার (৩৮) ও রবি শিকদার (৪২)।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।