মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর
সদর উপজেলার রাস্তি এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে আটক হওয়ার সময় প্রমাণ
নষ্ট করতে ৩১ পিস ইয়াবা গিলে ফেলেছেন সোহাগ ফকির (৩৫) নামে এক মাদক
ব্যবসায়ী। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি
করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত সোহাগ ফকির মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার মোফাজ্জেল ফকিরের ছেলে।
পুলিশ
সূত্রে জানা গেছে, বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে
রাস্তি এলাকায় অভিযান চালায়। এ সময় সোহাগকে আটক করা হলে তিনি কাছে থাকা
ইয়াবাগুলো গিলে ফেলেন। কিছু সময় পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে
দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাঈম জানান, “সোহাগের কাছে মোট ৫০ পিস
ইয়াবা ছিল। আমরা গুনে দেখি ১৯ পিস রয়েছে। প্রথমে জিজ্ঞাসাবাদে সে বিষয়টি
অস্বীকার করে। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে সে স্বীকার করে যে, বাকি ৩১ পিস
ইয়াবা সে গিলে ফেলেছে।”
তিনি আরও জানান, বর্তমানে সোহাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।