যশোর প্রতিনিধি:
জ্বালানি
তেল পাচার ঠেকাতে যশোর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)। জনবল বৃদ্ধির পাশাপাশি টহল, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি
কার্যক্রম জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে একটি অসাধু চক্র সীমান্ত পথে ডিজেল ও পেট্রোল পাচারের অপচেষ্টা চালাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। এতে দেশে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা করার আশঙ্কাও রয়েছে।
এ অবস্থায় সদর দপ্তর বিজিবির নির্দেশনায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ ব্যবস্থা নিয়েছে। বেনাপোল স্থলবন্দরসহ জেলার শার্শা ও চৌগাছা সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে অতীতে যেসব রুট দিয়ে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে।
এছাড়া বেনাপোল স্থলবন্দর গেটে ভারতগামী দেশীয় ও ভারতীয় ট্রাকেও কড়াকড়ি তল্লাশি করা হচ্ছে বলে বিজিবি জানিয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা এবং সন্দেহজনক পরিবহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। কোনোভাবেই যাতে সীমান্ত পথে জ্বালানি তেল পাচার না হয়, সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
তিনি আরও বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।