মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে পাঁচ বছর আগে মাসুদ রানা নামে ইতালী প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলা রাজনৈতিক মামলা বলে প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে সুপারিশ করা হয়েছে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তাঁরা বলছেন, এই হত্যা মামলার প্রধান আসামী ইমদাদুল হক বাচ্চু ১৫ বছর যাবৎ ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি। সে সহ অন্যান্য আসামীদের রাজনৈতিক হয়রানিমুলক হিসাবে বিবেচিত মামলাটি প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়।
তারা বলেন, মামলাটি প্রমাণিত ও বিচারাধীন থাকা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতাশালী লোকের তদবির বাণিজ্যের মাধ্যমে সুপারিশ করা হয়েছে। ভুক্তভুগি পরিবার এটিকে রাজনৈতিক মামলা হিসেবে গণ্য না করে হত্যা মামলা হিসেবে উল্লেখ করার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে নিহতের বৃদ্ধা মা হালিমা বেগমের (৭৫) এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ছোট ছেলে আসাদুজ্জামান। এ সময় নিহতের স্ত্রী শাহীন আফরোজ রোজা ও পাঁচ বছর বয়সী মেয়ে মাসুদা মেহেরুবা সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।
চলতি বছরে রাজনৈতিক মামলা উল্লেখ করে প্রত্যাহারের আবেদন করেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেরস আলী ইছা। এতে তিনি সকল আসামীর নাম উল্লেখ করেছেন। পরবর্তীতে চলতি বছরের ৮ এপ্রিল জেলা ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহার সংক্রান্ত যাচাই-বাছাই কমিটির সর্বসম্মতিক্রমে প্রত্যাহারের জন্য সুপারিশ হিসেবে চূড়ান্ত করা হয়।
এ সময় নিহতের ভাই আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, আমার ভাইকে যারা কুপিয়ে হত্যা করেছে, তাঁরা আওয়ামী লীগের পদধারী নেতাকর্মী। তাঁরা সাজাপ্রাপ্ত হওয়ার ভয়ে বর্তমানে ভোল্ট পাল্টিয়ে ক্ষমতাশালী দলের নেতাদের সাথে মিশে এবং তদবির বাণিজ্যের মাধ্যমে রাজনৈতিক মামলা হিসেবে সুপারিশ করিয়েছে। কিন্তু প্রত্যেক আসামীই আমার ভাই হত্যার সাথে জড়িত রয়েছে, যেটা দিনের আলোর মতো পরিস্কার।’