মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও মাদারীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে কালকিনি কলেজ রোডে স্থানীয় জামায়াত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম বলেন, নির্বাচন পরিচালনা ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমে কিছু ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব দৃষ্টিভঙ্গি দূর করে সকল প্রার্থী ও ভোটারের জন্য সমান অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, বিগত নির্বাচনের অভিজ্ঞতার আলোকে ভোটারদের একটি অংশ অনেক ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন। এ বিষয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর একটি তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব কেন্দ্র ঝুঁকিমুক্ত করা হলে ভোটারদের আস্থা বৃদ্ধি পাবে বলে তিনি প্রত্যাশা করেন।
এ সময় তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উভয়ে একমত হয়ে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে ভোটাররা নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমীর মাওলানা মোকলেছুর রহমান, কালকিনি উপজেলা আমীর মাওলানা এনামুল হক, প্রধান এজেন্ট প্রফেসর জামান মিয়া, কালকিনি উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হোজায়ফা মোল্লা, ডাসার উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মোর্শেদা কনা, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রিফাত হোসেন এবং কালকিনি পৌরসভার নায়েবে আমীর মাওলানা এস এম শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।