মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের
তিনটি সংসদীয় আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। দুটি আসনে বিএনপির প্রার্থী ও
একটিতে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার
দিবাগত রাত ১টার দিকে মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.
জাহাঙ্গীর আলম নিজ কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রার্থী ও তাদের
কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে কার্যালয়ের বাইরে আনন্দ-উল্লাস করেন
তারা।
জানা যায়, মাদারীপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাইদ
উদ্দিন আহমাদ হানজালা রিকশা প্রতীকে পেয়েছেন ৬৪,৯০৯ ভোট। তার নিকটতম
প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী পেয়েছেন
৬৪,৫২৪ ভোট। মাদারীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া
৬১,৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬,৪৭৬ ভোট। মাদারীপুর-৩ আসনে
ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার পেয়েছেন ৯৬,১২৮ ভোট। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম
পেয়েছেন ৮৪,৬৪৬ ভোট।
মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং
কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, মাদারীপুরের তিনটি আসনেই সুষ্ঠু ও
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে। শিগগিরই সংসদ সদস্যদের
নামের তালিকা জনস্বার্থে গেজেট প্রকাশ করা হবে।