নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশ একটি স্বর্ণের বারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার
(৭ জানুয়ারি) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার চাঁদপুর ও চট্রগ্রামের খুলশী
থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,
বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে
সোহেল (৩৫) ও তার বোন নুর জাহান বেগম (৪০) এবং তার স্বামী মাইন উদ্দিন
(৪৯)।
পুলিশ জানায়, সৌদি আরবে দীর্ঘদিন একসাথে থাকার সুবাধে
বেগমগঞ্জের সোহেলের সাথে উজ্জ্বল চৌকিদার ও সুজন চৌকিদারের সাথে সু-সম্পর্ক
গড়ে উঠে। একপর্যায়ে সোহেল ছুটিতে বাংলাদেশে আসার সময় উজ্জ্বল চৌকিদার ও
সুজন চৌকিদার তাদের পরিবারের জন্য ২৩ লাখ টাকা মূল্যের ১১৬ গ্রাম ৬ পয়েন্ট
ওজনের ২৪ ক্যারেটের ১টি স্বর্ণের বার, ১০১ গ্রাম ওজনের ২১ ক্যারেট স্বর্ণের
তৈরী অলংকারসহ মোট ২১৭ গ্রাম ৬ পয়েন্ট স্বর্ণ সোহেলের কাছে দেয়। কথা ছিল
সোহেল দেশে আসার সাথে সাথে স্বর্ণের বার ও স্বর্ণালংকার বন্ধু উজ্জ্বল ও
সুজনের পরিবারের কাছে পৌঁছে দিবে। পরবর্তীতে সোহেল ২৩ ডিসেম্বর সৌদি আরব
থেকে বাংলাদেশে এসে পৌঁছেন। কিন্তু কথা অনুযায়ী স্বর্ণের বার ও
স্বর্ণালংকার তার বন্ধুর পরিবারের কাছে পৌঁছে না দিয়ে নিজের ব্যবহৃত
মোবাইল, সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয়।
পুলিশ আরও জানায়,
পরে উজ্জ্বল ও সুজনের পরিবারের লোকজন আসামির ঠিকানা সংগ্রহ কর বাড়িতে গিয়ে
স্বর্ণ দাবি করলে আসামি ও তার পরিবার স্বর্ণের কথা অস্বীকার করে। উল্টো
তাদেরকে বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করে। এরপর আসামি এলাকা থেকে গা ঢাকা
দেয়। এ ঘটনায় উজ্জ্বলের মামা আবুল কালাম বাদী হয়ে গত ৫ জানুয়ারি বেগমগঞ্জ
মডেল থানায় এজাহার দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় আসামির
বোন ও বোনের স্বামীর হেফাজত থেকে ১১৬ গ্রাম ৬ পয়েন্ট ওজনের ২৪ ক্যারেট এর
১টি স্বর্ণের বার জব্দ করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।