আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
লালমনিরহাট
সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চিনিসহ
বিভিন্ন চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫
বিজিবি)।
১৮ মার্চ ভোরে এবং ১৭ মার্চ সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউরানী বিওপির টহলদল হাতীবান্ধা
উপজেলার বরদুল এলাকায় এবং মোগলহাট বিওপির টহলদল আদিতমারী উপজেলার
চরফুলিমারী এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে
চোরাকারবারীরা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে
যায়।
পরবর্তীতে তল্লাশি
চালিয়ে ঘটনাস্থল থেকে ১১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ৩৬ বোতল ফেয়ারডিল
সিরাপ, ৪৩ কেজি চিনি এবং সাবান, আচার ও ক্যান্ডিসহ বিভিন্ন প্রসাধনী
সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের মোট বাজারমূল্য আনুমানিক ৬৯
হাজার ৩৩২ টাকা।
লালমনিরহাট
ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান,
সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া
চলমান রয়েছে। চোরাচালান রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা
নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।