শাহারুল ইসলাম ফারদিন, যশোর:
যশোরের
সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক কোটি
ত্রিশ লক্ষ টাকার বেশি মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময়
তাকে হাতে-নাতে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার
(২৫ ফেব্রুয়ারি) সকালে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দরগাহ
ফিলিং স্টেশন সংলগ্ন পাকা সড়কে অবস্থান নেয়। সন্দেহভাজন এক ব্যক্তিকে
থামিয়ে তল্লাশি চালালে তার প্যান্টের পকেট থেকে বিশেষ কাগজে মোড়ানো অবস্থায়
৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে, স্বর্ণগুলো এমনভাবে মোড়ানো ছিল যাতে বেনাপোল চেকপোস্টের স্ক্যানিং
মেশিনে সহজে শনাক্ত না হয়।
আটক
ব্যক্তির নাম আব্দুর রউফ (৪২)। তিনি যশোরের শার্শা উপজেলার লাউতাড়া
গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তল্লাশির সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন
ও নগদ ১০ হাজার ৬৯০ টাকাও জব্দ করা হয়।
বিজিবি
সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রউফ স্বীকার করেছেন যে তিনি
ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর ও ঝিকরগাছা হয়ে বেনাপোল
সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হন। ঢাকার ধোলাইপাড় এলাকার একটি
চোরাকারবারী চক্রের কাছ থেকে তিনি এসব স্বর্ণ সংগ্রহ করেন বলেও জানান।
আইনশৃঙ্খলা বাহিনী এখন ওই চক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা করছে।
জব্দকৃত
স্বর্ণের মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩০ লাখ ২৫ হাজার ১৬০ টাকা। এছাড়া দুটি
মোবাইলের মূল্য ২১ হাজার ৫০০ টাকা এবং নগদ ১০ হাজার ৬৯০ টাকাসহ মোট সিজার
মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা।
যশোর
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী
বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে।
সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পাচার রোধে নিয়মিত
অভিযান চালানো হচ্ছে। তিনি জানান, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত
থাকবে।
আটক আসামির বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায়
হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের ধরতে বিজিবি ও
সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।