মাহবুব পিয়াল,ফরিদপুর:
ফরিদপুরের কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি পুকুর তল্লাসি চালিয়ে বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬ টি আগ্নেয়াস্ত্র, গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় পুলিশ বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়ফরিদপুর আর্মি ক্যাম্পে প্রেস বিফিং এ সব তথ্য জানান ১৫ আরই ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাজুল আবেদিন ।
প্রেস বিফিং এ জানানো হয়, ফরিদপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ এর নেতৃত্বে শনিবার জেলার সদর উপজেলার কানাইপুর আখ সেন্টারের পাশে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন পুকুরে বেলা ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার হয়।
প্রেস বিফিং এ জানানো হয় নাশকতার উদ্দেশ্যে সংরক্ষণ করে পুকুরে অস্ত্র ও গোলাবারুদ ফেলে রাখা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়। প্রথমে সেচযন্ত্র দিয়ে পুকুরের পানি সরানো হয়। পুকুরে অধিক পানি থাকায় পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় জাল টেনে পুকুর থেকে ৪টি প্যাকেট ও বস্তা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে ৪ টি বিদেশী পিস্তল, ২ টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১৬ টি পিস্তলের গুলি, ২ টি কার্তুজ, ১শ' টি বিভিন্ন আকারের ধারালো অস্ত্র, ৮ টি চাইনিজ কুড়াল, শরকির ধারালো অংশ রয়েছে। নির্বাচন সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রগুলো রাখা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে।